চট্টগ্রাম নগরের টেরিবাজার এলাকায় অর্কিড প্লাজা নামে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে বক্সির বিট এলাকার ১২তলা অর্কিড প্লাজার চতুর্থ তলায় একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে ধোঁয়ায় দমবন্ধ হয়ে তিনজন অসুস্থ হয়ে পড়লে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১২টার দিকে দুইজনের মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মেয়র বলেন, ঈদের ঠিক আগ মুহূর্তে এমন হৃদয়বিদারক ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। যারা মানুষের ঈদের আনন্দ নিশ্চিত করতে পরিশ্রম করেন, সেই শ্রমজীবী মানুষদের এভাবে প্রাণ হারানো গভীরভাবে দুঃখজনক।
তিনি জানান, অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভবনের মালিক ও টেরিবাজার ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমন্বিত সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা যায়। আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে সিটি করপোরেশন সর্বোচ্চ চেষ্টা করবে বলেও আশ্বাস দেন তিনি।
মেয়র উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থার কার্যক্রম তদারকি করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এ সময় টেরিবাজার ব্যবসায়ী সমিতির নেতাসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।