শনিবার, ১৩ জুন ২০২৬

টেরিবাজারে অর্কিড প্লাজায় অগ্নিকাণ্ড

ইস্ত্রি থেকে আগুনের সূত্রপাত মনে করছেন মার্কেটের লোকজন

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৪:০৯

চট্টগ্রামের টেরিবাজারে অর্কিড প্লাজার ওয়েস্টার্ন টেইলার্সে ইস্ত্রি থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে মনে করছেন মার্কেটের লোকজন। তাদের ধারণা, ওই দোকানটিতে কর্মচারীরা কাপড় আয়রণ করার ইস্ত্রি ইলেকট্রিক কানেকশনে রেখে দিয়েছিল। বিদ্যুৎ চলে যাওয়াতে তাদের আর ইস্ত্রির কথা মনে ছিল না। পরে বিদ্যুৎ আসলে যে কাপড়ের ওপর ইস্ত্রিটি রাখা ছিল সেই কাপড়ে আগুন লেগে যায়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে টেরিবাজার কেবি অর্কিড প্রাজার ওয়েস্টার্ন টেইলার্সে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় শ্বাসরুদ্ধ দুই জনের মৃত্যু হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কেটটির অন্য দোকানের এক কর্মচারী জানান, ভবনের চতুর্থ তলায় ওয়েস্টার্ন টেইলার্স দোকানটিতে কাপড়ের ওপর ইস্ত্রি রাখা ছিল।ভোররাতের দিকে বিদ্যুৎ চলে গেলে তারা দোকান বন্ধ করে দেয়। পরবর্তীতে বিদ্যুৎ আসলে ইলেকট্রিক কানেকশনে থাকা ইস্ত্রির তাপে নিচে থাকা কাপড়ে আগুনের সৃষ্টি হয়। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পুরো দোকানে। সবাই ঘুমন্ত থাকায় অগ্নিকাণ্ডের প্রাথমিক অবস্থায় তারা জানতে পারেনি। অগ্নিকাণ্ড ভয়াবহ আকার নিলে তারপর আঁচ করতে পারে তারা।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক অতীশ চাকম জানান, ওই ফ্লোরে টেইলারিং শপ, কাপড়ের দোকানসহ মোট সাতটি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

বেলা একটার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দীন সাংবাদিকদের বলেন, “যেহেতু এটা গ্লাস বন্দি প্লাজা, ধোঁয়াটা ঠিকমত বের হতে পারেনি। ধোঁয়ার কারণে কার্বনের পরিমাণ যখন বেড়ে যায়, তখন শ্বাসকষ্ট হয়। কয়েকজনকে উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠিয়েছি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন হাসপাতালে সাংবাদিকদের বলেন, “টেরি বাজারে অগ্নি দুর্ঘটনায় দুজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। এদের শরীরের বাইরের অংশে কোনো বার্ন নেই। কিন্তু শ্বাসনালী পুরোটা পুড়ে গেছে। আরেকজন আহত অবস্থায় এসেছেন। তিনি বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।”

১২ তলা কে বি অর্কিড প্লাজার ছয় তলা পর্যন্ত কাচে ঘেরা। ভবনের বিভিন্ন তলায় ব্যাংকের শাখা, তৈরি পোশাকের দোকান, টেইলারিং শপ, কাপড়ের দোকানসহ বিভিন্ন দোকান রয়েছে।

ভিডিও