শনিবার, ১৩ জুন ২০২৬

১২৭ জন আত্মসমর্পণকারীকে র‌্যাবের ঈদ উপহার

অন্ধকার পেরিয়ে ওরা আজ ‘আলোর পথের অভিযাত্রী’

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৭:০৮

জীবনের একটা পর্যায়ে তাদের কেউ ছিলেন দুর্ধর্ষ ডাকাত। আবার কারো পেশা ছিল জলদস্যুতা। সাগরে ট্রলার ডাকাতি, হত্যা,খুন- এসব ছিল তাদের নিত্যজীবনের অংশ। সে অন্ধকার ভয়ংকর জীবনে হয়ত উপার্জন ছিল। কিন্তু ছিল না শান্তি। পদে পদে ছিল মৃত্যুর তাড়া। তবে সময়ের ফেরে তারা আজ পেরিয়ে এসেছে অন্ধকার সেই পথ। ডাকাতি,দস্যুতা, অস্ত্র ছেড়ে আত্মসমর্পণের মাধ্যমে তারা ফিরে এসেছে সুস্থ স্বাভাবিক জীবনে।

ঈদুল ফিতরের এই আনন্দময় সময়ে সেসব আলোর পথের অভিযাত্রীদের পাশে দাঁড়িয়েছে র‌্যাব-৭।

মহেশখালী, কুতুবদিয়া ও বাঁশখালী অঞ্চলের আত্মসমর্পণকারী ১২৭ জন ‘আলোর পথের অভিযাত্রী’কে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাটি।

এ উপলক্ষে বুধবার (১৮ মার্চ) দুপুরে নগরীর পতেঙ্গায় র‌্যাব-৭ কার্যালয়ে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২০১৮, ২০২০ ও ২০২৪ সালে আত্মসমর্পণকারী মোট ১২৭ জন অভিযাত্রী অংশ নেন।

অনুষ্ঠানে র‌্যাব-৭, চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি র‌্যাবের মহাপরিচালকের পক্ষ থেকে অভিযাত্রীদের মাঝে ঈদ উপহার তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্ণেল হাফিজুর রহমান বলেন, র‌্যাব শুধু অপরাধ দমনে নয়, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতেও কাজ করছে। আত্মসমর্পণকারী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম তারই একটি গুরুত্বপূর্ণ অংশ। ঈদের আগে এই উপহার তাদের জীবনে আনন্দের বার্তা বয়ে আনবে।

সভায় অভিযাত্রীরা জানান, আত্মসমর্পণের পর তারা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। অনেকেই এখন ব্যবসা, কৃষিকাজ ও বিভিন্ন পেশায় যুক্ত হয়ে জীবিকা নির্বাহ করছেন। অভিযাত্রীরা তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানান।

ভিডিও