শনিবার, ১৩ জুন ২০২৬

দুই পেট্রোল পাম্পকে ৪০ হাজার টাকা জরিমানা

চুরির জন্য দণ্ড, সততার পুরস্কার সাধুবাদ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৫:৩২

চট্টগ্রামে ডিজেল পরিমাপে কম দেয়ায় বাদশা মিয়া এন্ড সন্স পেট্রোল পাম্পকে ২০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। পাশাপাশি সঠিক মাপে জ্বালাানি বিক্রয়ের জন্য খান ব্রাদার্স নামে ফিলিং স্টেশনকে সাধুবাদ জানানো হয়েছে।

বুধবার নগরীর বিভিন্ন ফিলিং স্টেশনে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

যৌথ দলটি পাঁচলাইশ থানার নাসিরাবাদ এলাকায় অবস্থিত বাদশা মিয়া অ্যান্ড সন্স পেট্রোল পাম্পে পরিমাপ যাচাই করে দেখতে পায় , বাদশা মিয়া এন্ড সন্স পেট্রোল পাম্পে ডিজেল সরবরাহে প্রতি ৫ লিটারে ১২০ মিলিলিটার কম দেওয়া হচ্ছিল। এ অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন মন্ডল অপু।

অন্যদিকে, কাতালগঞ্জ এলাকার খান ব্রাদার্স সিএনজি প্রাইভেট লিমিটেডে পরিমাপের যথার্থতা এবং প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকায় প্রতিষ্ঠানটিকে সাধুবাদ জানানো হয়।

একই দিনে কাতালগঞ্জ এলাকার হাজি ইউনুস অ্যান্ড কোং পেট্রোল পাম্পে ভেরিফিকেশন সনদ হালনাগাদ না থাকায় তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়। প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হলেও তাদের ডিসপেন্সিং ইউনিটে জ্বালানি পরিমাপ সঠিক পাওয়া গেছে। এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার।

অভিযানে বিএসটিআই চট্টগ্রামের পরীক্ষক প্রিময় মজকুরী জয় দায়িত্ব পালন করেন। সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভিডিও