শনিবার, ১৩ জুন ২০২৬

চট্টগ্রাম বন্দরের পথে আরও ৪ জ্বালানিবাহী জাহাজ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০২:৫৮

দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরে ধারাবাহিকভাবে জ্বালানিবাহী জাহাজ আসছে। আগামী ২৩ মার্চের মধ্যে আরও চারটি জাহাজ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, জাহাজগুলো আসছে অ্যাঙ্গোলা, ওমান, মালয়েশিয়া ও থাইল্যান্ড থেকে।

চারটি জাহাজের মধ্যে দুটি জাহাজে রয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), একটি জাহাজে রয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং অপরটিতে রয়েছে বেইজ অয়েল, যা শিল্প ও লুব্রিকেন্ট উৎপাদনে ব্যবহৃত হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব রেফায়াত হামিম জানিয়েছেন, জ্বালানি খালাস ও সরবরাহ কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি বলেন, নতুন জাহাজগুলোর আগমনের ফলে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে। আসন্ন ঈদ ছুটির মধ্যেও বন্দরে জাহাজ থেকে জ্বালানি খালাস কার্যক্রম অব্যাহত থাকবে।

এর আগে, চলতি মার্চ মাসেই চট্টগ্রাম বন্দরে একাধিক জ্বালানিবাহী জাহাজ ভিড়েছে। সাম্প্রতিক সময়ে অন্তত ২৮টি জাহাজ বন্দরে এসেছে, যেগুলো এলএনজি, এলপিজি, ডিজেল, ফার্নেস অয়েল ও বেইজ অয়েলসহ বিভিন্ন জ্বালানি পণ্য নিয়ে এসেছে।

ভিডিও