শনিবার, ১৩ জুন ২০২৬

ঈদে বাসা-প্রতিষ্ঠানের নিরাপত্তায় সতর্ক থাকার আহ্বান সিএমপির

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৮:৩৮

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরবাসীকে বাসা-বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তায় বাড়তি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

মঙ্গলবার (১৭ মার্চ) সিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

বিজ্ঞপ্তিতে সিএমপি জানায়, ঈদের ছুটিতে অনেকেই বাসা ফাঁকা রেখে বাইরে যান, যা চুরি-ডাকাতির ঝুঁকি বাড়ায়। তাই বাসা ছাড়ার আগে উন্নত তালা ব্যবহার, মূল্যবান সামগ্রী নিরাপদ স্থানে রাখা এবং সিসিটিভি ও অ্যালার্ম সিস্টেম সচল রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রয়োজনে নিরাপত্তাকর্মী নিয়োগ, থানাকে আগাম অবহিত করা এবং বাসার চারপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার কথাও বলা হয়েছে। ব্যাংক ও বিপণিবিতানগুলোকে নিরাপত্তা জোরদার এবং আংশিক জনবল দায়িত্বে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

কোনো সন্দেহজনক কিছু দেখলে দ্রুত পুলিশকে জানাতে এবং জরুরি প্রয়োজনে ৯৯৯ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে সিএমপি।

ভিডিও