পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো ঈদ উপহার পেলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিচ্ছন্ন কর্মীরা।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে নগরীর কাজীর দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পরিচ্ছন্ন কর্মীদের হাতে এই উপহার তুলে দেন।
এবার চসিকের মোট ৩,২৭০ জন পরিচ্ছন্ন কর্মীর প্রত্যেকে ৫,০০০ টাকা করে ঈদ উপহার পেয়েছেন। কর্মীদের হাতে সর্বমোট ১ কোটি ৬৩ লাখ টাকা তুলে দেয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগ প্রমাণ করে তিনি সবসময় শ্রমজীবী ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করেন। পরিচ্ছন্ন কর্মীরাই আমাদের শহরের অঘোষিত নায়ক। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে তারা নগরীকে বাসযোগ্য রাখেন। তাদের মুখে হাসি ফোটাতে পারা আমাদের জন্য গর্বের বিষয়। চসিক সবসময় তাদের কল্যাণে কাজ করে যাবে।
অনুষ্ঠানে চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপহার বিতরণ শেষে মেয়র আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে নগরীর নালা-নর্দমা পরিষ্কার ও পানি নিষ্কাশন কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেওয়া হয়।
এর আগে গত রোববার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দেশের ১২টি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ উপহারের অর্থের চেক সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের হাতে তুলে দেওয়া হয়।