পবিত্র রমজানে ইসলাম ধর্মাবলম্বীদের বরকতের রাত মহিমান্বিত শবে কদর আজ। সোমবার (১৬ মার্চ) দিনগত রাতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে পবিত্র শবেকদর উদযাপন করা হবে। এদিন সন্ধ্যার পর থেকে শুরু হবে কদরের মহিমান্বিত রজনী। এ রাত মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত একটি রাত। প্রতিবছর পবিত্র রমজানের ২৬ তারিখ দিবাগত রাতে শবে কদর পালন করা হয়।
মহিমা ও গভীর ভাবগাম্ভীর্যের আবহে সূর্যাস্তের পর থেকেই চট্টগ্রামসহ সারা দেশে এ বরকতময় রজনী উদযাপন শুরু হবে। ধর্মপ্রাণ মুসলমানরা সারা রাত ইবাদত-বন্দেগি, তিলাওয়াত, জিকির ও দোয়ার মাধ্যমে নিজেদের সঁপে দেবেন আল্লাহর দরবারে। এ রাতটি মুমিন হৃদয়ের জন্য আত্মসমর্পণ ও আত্মশুদ্ধির পবিত্র মুহূর্ত। রমজানের শেষ প্রান্তে এসে মুসলিম উম্মত অধীর আগ্রহে অপেক্ষা করে এ মহিমান্বিত রাতের জন্য।
এ রাতের মর্যাদা ও ফজিলত সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কুরআনে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। আর তুমি কি জানো লাইলাতুল কদর কী?’ (সুরা কদর)। এ রাতে ফেরেশতারা ও জিবরাইল (আ.) তাদের প্রতিপালকের অনুমতিক্রমে সব সিদ্ধান্ত নিয়ে অবতীর্ণ হয়। শান্তিময় এ রাত ফজরের সূচনা পর্যন্ত অব্যাহত থাকে।
পবিত্র শবে কদর উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন মসজিদে দোয়া,মোনাজাত, আলোচনাসহ নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে। নগরীর জমিয়তুল ফালাহ ঈদগাহ মসজিদ, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, চন্দনপুরা জামে মসজিদ, বক্সিরহাট শাহ আমানত মাজার মসজিদ, বদরপাতি মসজিদ, প্রবর্তক মোড় বদনাশাহ মাজার মসজিদ, চট্টগ্রাম কলেজ সংলগ্ন মিস্কিন শাহ মাজার মসজিদ, চকবাজার অলি খাঁ মসজিদসহ সকল মসজিদে নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।