চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিচ্ছন্নকর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চসিকের ৩ হাজার ২৭০ জন পরিচ্ছন্নতা কর্মী প্রত্যেকের মধ্যে ৫ হাজার করে বণ্টন করা হবে এই অর্থ।
রবিবার (১৫ মার্চ) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের হাতে এই অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ১২টি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্যও একইভাবে ঈদ উপহার ঘোষণা করেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসকদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
চসিকের মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নগরেরে পরিচ্ছন্নতা রক্ষায় পরিচ্ছন্ন কর্মীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদের জন্য এই আর্থিক সহায়তা উৎসাহ ও প্রেরণা জোগাবে।