শনিবার, ১৩ জুন ২০২৬

চট্টগ্রাম থেকে ট্রেনের অগ্রিম টিকিটে ঈদযাত্রা শুরু, যাত্রীদের উচ্ছ্বাস

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৬:৪৮

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চট্টগ্রাম ছাড়তে শুরু করেছেন নগরবাসী। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ায় ঈদযাত্রার আনন্দ শুরু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) থেকে ঈদ শেষে ফিরতি যাত্রার জন্যও ট্রেনের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে।

ঈদযাত্রার প্রথম দিনে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। ভোর ৪টা ২০ মিনিট থেকে অগ্রিম টিকিটে যাত্রা শুরু হয়। প্ল্যাটফর্মে প্রবেশের আগে তিন স্তরের টিকিট চেকিং কার্যক্রম সম্পন্ন করা হয়। সরেজমিনে দেখা গেছে, নারী ও শিশুর সংখ্যাই বেশি, পাশাপাশি ছিল কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরাও।

ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিজয় এক্সপ্রেসের যাত্রী মোহাম্মদ সাইমন ইসলাম বলেন, পরীক্ষা শেষ হয়েছে, তাই বাড়িতে ফিরে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে যাচ্ছি।

ঈদযাত্রার প্রথম দিন ভোর থেকে চট্টগ্রাম থেকে কক্সবাজার, ঢাকা, সিলেট ও ময়মনসিংহের উদ্দেশ্যে একাধিক ট্রেন ছাড়ে। পর্যটন এক্সপ্রেস, সৈকত এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেস ও কর্ণফুলী এক্সপ্রেসের সঙ্গে যাত্রীরা ঘরমুখী হচ্ছেন।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ঈদযাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। নন–এসি কোচে ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসন পর্যন্ত টিকিট কিনতে পারবেন।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার আবু বক্কর সিদ্দিক বলেন, এবারের ঈদে ঘরমুখো যাত্রীদের মাঝে প্রতিদিন পূর্বাঞ্চলের ১৬টি ট্রেনের ৮ হাজারের বেশি অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে।

প্রসঙ্গত, রেলওয়ের সিদ্ধান্ত অনুসারে ২৩ মার্চের টিকিট বিক্রি হচ্ছে আজ ১৩ মার্চ, ২৪ মার্চের টিকিট বিক্রি হবে আগামীকাল ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট বিক্রি হবে ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট বিক্রি হবে ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট বিক্রি হবে ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট বিক্রি হবে ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট বিক্রি হবে ১৯ মার্চ। চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে।

ভিডিও