শনিবার, ১৩ জুন ২০২৬

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মিরসরাই যুবদল নেতার

মিরসরাই প্রতিনিধি

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৬:৩৬

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কামাল উদ্দিন (৪০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর আড়াইটার দিকে বড়তাকিয়া–জাতীয় অর্থনৈতিক অঞ্চল সড়কের নিপপন ইস্পাত কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর ড্রাম ট্রাকের চালক খলিল হাওলাদারকে আটক করেছে পুলিশ। নিহত কামাল উদ্দিন উপজেলার খইয়াছড়া ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের মৃত মুজিবুল হকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ব্যবসায়িক কাজে নিজ প্রাইভেটকার চালিয়ে অর্থনৈতিক অঞ্চলের দিকে যাচ্ছিলেন কামাল উদ্দিন। নিপপন ইস্পাত কারখানার সামনে তিনি গাড়ি পার্কিং করে দাঁড়িয়ে ছিলেন। এসময় দ্রুতগতির একটি ড্রাম ট্রাক এসে তার গাড়ির সামনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়ির স্টিয়ারিংয়ের সঙ্গে আটকে পড়েন তিনি।

খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। ড্রাম ট্রাকের চালক খলিল হাওলাদারকে মিরসরাই থানা পুলিশ আটক করে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিডিও