মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্থগিত থাকা দুবাই ও আবুধাবি রুট আগামীকাল থেকে চালু হতে পারে। গতকাল বিমান থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অন্যদিকে দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুট স্থগিত থাকছে।
বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী যেসব ফ্লাইট স্থগিত রাখা হয়েছিল, তার মধ্যে দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের ফ্লাইটগুলো পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো আজ পর্যন্ত স্থগিত থাকবে। পরবর্তী সময়ে পরিস্থিতির উন্নতি এবং সেখানকার এয়ারপোর্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রাপ্তিসাপেক্ষে ফ্লাইট দুটি পুনরায় চালু করা হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনীয় যেকোনো হালনাগাদ তথ্য যাত্রীদের যথাসময়ে জানিয়ে দেয়া হবে। বিমানের ফ্লাইট সম্পর্কিত হালনাগাদ তথ্য জানতে যাত্রীদের ১৩৬৩৬ (অভ্যন্তরীণ) বা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক) নম্বরে যোগাযোগের পরামর্শ দেয়া হয়েছে।