প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির বাস্তবায়ন শুরু হচ্ছে চট্টগ্রামে। আগামীকাল মঙ্গলবার (১০ মার্চ) দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের ৫০০ পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হবে।
এই উপলক্ষে পতেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন হবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা জানান, জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত পরীক্ষামূলক এই কার্যক্রমে প্রায় ৯০০ কর্মী মাঠপর্যায়ে কাজ করেছেন। কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্য সংখ্যা, আয়-ব্যয় ও সামাজিক অবস্থার তথ্য সংগ্রহ করেছেন।
জানা গেছে, ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত ক্যাটাগরিতে ১০ হাজার ১২৪ জন উপকারভোগীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। এরমধ্যে ৫ হাজার ৫৭৫ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। তবে মঙ্গলবার পতেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে ৫০০ জন উপকারভোগীর হাতে তুলে দেওয়া হবে ফ্যামিলি কার্ড।
তিনি জানান, তিন ক্যাটাগরির উপকারভোগী ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিমাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা করে পাবেন।