চট্টগ্রাম নগরের পাঁচলাইশে অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে পুলিশ। তারা ছিনতাইকারী চক্রের সদস্য বলে দাবি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে পাঁচলাইশ থানার আরাকান সোসাইটির প্রবেশমুখ এলাকা থেকে দুজনকে আটক করা হয়। তারা হলেন শাহাব উদ্দিন শাবু (৩৪) ও মো. পারভেজ (৩৭।
শাহাব ভোলার দৌলতখান উপজেলার বাসিন্দা। তিনি ‘শীর্ষ সন্ত্রাসী’ শহিদুল ইসলাম বুইশ্যার ভাই। বর্তমানে তিনি চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় বসবাস করেন। পারভেজ কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. হাবিবুর রহমান বলেন, ‘সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যার আপন ভাই, সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের মূল হোতা শাহাব উদ্দিন শাবুকে এক সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। শাবুর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ছয়টি এবং তার সহযোগী মো. পারভেজের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এই গ্রুপের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।