শনিবার, ১৩ জুন ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি

চট্টগ্রামে তেল সংকটের গুজবে ফিলিং স্টেশনে বাড়তি চাপ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৬ মার্চ ২০২৬, ০৭:০১

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কায় বিচলিত হয়ে উঠেছেন জ্বালানি তেলের গ্রাহকরা। চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে আশাতীত হারে বেড়েছে গ্রাহকদের ভিড়। এমন অবস্থায় ফিলিং স্টেশনগুলোতে স্বাভাবিকের তুলনায় বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।

আজ শুক্রবার ছুটির দিনেও চট্টগ্রামের অধিকাংশ ফিলিং স্টেশনে ভিড় লক্ষ্য করা গেছে। মোটরসাইকেল,প্রাইভেট কার থেকে শুরু করে জ্বালানি তেল ব্যবহারকারী প্রায় সবধরণের যানবাহন ফিলিং স্টেশনগুলোতে সারি বেঁধে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে জ্বালানি কিনছে।

জুমার নামাযের পর থেকে চান্দগাঁও ইস্টএন্ড পেট্রোল পাম্পের সামনে (শরাফত উল্লাহ) জ্বালানি কিনতে লম্বা লাইন। গ্রাহকদের এই লাইন মৌলভী পুকুর পাড় ছাড়িয়ে গেছে। তেলের চিন্তায় সবার চোখেমুখে দুশ্চিন্তা স্পষ্ট। কিন্তু অনেকেই নিশ্চিত করে বলতে পারছেন না কোথা থেকে জ্বালানিসংকটের খবর শুনেছেন। অনেকেই বলাবলি করছেন ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির কারণে ‘জাহাজ আটকে গেছে’, ‘তেল আসছে না’- এমন নানা কথা।

মোটরসাইকেল চালক শওকত জাহান বলেন, তেলের ক্রাইসিস হবে শুনতেছি। তাই আগে ভাগে ট্যাংক লোড করে রাখতেছি। আমি গ্যালন নিয়ে আসছি। যদি পাওয়া যায়, তাহলে গ্যালনে করেও নিয়ে যাব তেল।

ইস্ট এন্ড পেট্রোলপাম্পের ব্যবস্থাপক এরশাদ হোসেন বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে হঠাৎ করে জ্বালানির চাহিদা বেড়ে গেছে। গত দুই দিন ধরে বিক্রি প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। মানুষ গুজবে বিশ্বাস করে আতঙ্কিত হয়ে তেল কিনে রাখছে। তবে আমাদের কাছে এমন কোন খবর নেই যে তেল সংকট পড়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালায়। এর পর থেকে ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ। আর এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যসহ সংলগ্ন সমুদ্র অঞ্চলে বাংলাদেশসহ বিভিন্ন দেশের তেলবাহী জাহাজ আটকা পড়েছে। অন্যদিকে যুদ্ধ পরিস্থিতিতে ইরান হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করে রেখেছে।

ভিডিও