খাবারে মেয়াদোত্তীর্ণ ফ্লেবার ও রঙ ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চট্টগ্রাম নগরীর গরীবুল্লাহ শাহ হাউজিং এলাকার হোম রেসিপি এন্ড সুইটস নামের একটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরের পর অভিযান চালিয়ে এই জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদাউস।
তিনি জানান, অভিযানে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, মেয়াদবিহীন খাদ্যপণ্য সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ফ্লেবার ও রঙ ব্যবহার এবং কর্মীদের স্বাস্থ্যবিধি অনুসরণ না করাসহ একাধিক অনিয়ম রয়েছে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশন অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি দল উপস্থিত ছিল।