চট্টগ্রামের মিরসরাইয়ে ফারজানা আক্তার (২৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারী আড়াইমাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকায় মহিলা মেম্বার বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
ফারজানা আক্তার প্রিয়া স্থানীয় নুরুল আবসারের ছেলে মেসবাহ উদ্দিন রানার স্ত্রী। তিনি একই উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের নজর আলী ভূঁইয়া বাড়ির মোমিনুল ইসলামের মেয়ে।
ফারজানা আক্তারের ভাই মো. জিদান বলেন, ‘১০ বছর পূর্বে আমার বোনের বিয়ে হয় মেসবাহ উদ্দিন রানার সঙ্গে। কিন্তু তিনি বিভিন্ন সময় নেশা করে আমার বোনকে নির্যাতন করতেন। আমার বোন দীর্ঘসময় নিঃসন্তান ছিলেন। এখন আড়াই মাসের অন্তঃসত্ত্বা। শনিবার ইফতারের কিছুক্ষণ পর আমার কাছে খবর আসে আমার বোন আত্মহত্যা করেছে। এমন খবর পেয়ে আমি সেখানে যাই। আমার বোনকে মানসিক নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। এই ঘটনার সুষ্ঠ বিচার চাই।’
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ফারজানা আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর রহস্য জানাযাবে।’নিহত গৃহবধূর স্বামীর বাড়িতে স্বামী, শাশুড়ি কাউকে পাওয়া যায়নি।