চট্টগ্রামের হালিশহরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ নয়জনের মধ্যে নুরজাহান আক্তার রানী নামে একজন মারা গেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত রানীর শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল। তার স্বামী-সন্তানসহ পরিবারের আরো আটজন এখন হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ওই ঘটনায় দগ্ধ শাখাওয়াত হোসেনের স্ত্রী। শাখাওয়াত হোসেন নিজেও শতভাগ দগ্ধ হয়েছেন। তাদের বাড়ি কুমিল্লার বরুড়ায়।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, এখানে পৌঁছানোর আগেই রানীকে মৃত্যু হয়।
এর আগে, ভোরে হালিশহরের এইচ ব্লকের এসি মসজিদ–সংলগ্ন এলাকার একটি বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের শিশু ও নারীসহ ৯ জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।