বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬

বাবা ছিলেন খালেদার সরকারে, ছেলে তারেকের মন্ত্রিসভায়

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩১

বাবা ছিলেন খালেদা জিয়ার সরকারে প্রতিমন্ত্রী, আর দুই দশক পর ছেলে জায়গা পেলেন তারেক রহমান নেতৃত্বাধীন মন্ত্রিসভায়। পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকার ধরে এবার বিএনপির সরকারে প্রতিমন্ত্রী হলেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে মঙ্গলবার নতুন সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শপথের পর ঘোষিত মন্ত্রিসভায় মীর হেলালকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়। গণমাধ্যমকে তিনি বলেন, ‘বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণদের আস্থায় রাখতে চান। এর পরিচায়ক হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছেন। আমাকে লক্ষাধিক ভোটে জয়ী করার জন্য হাটহাজারীবাসীকে ধন্যবাদ।’

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসন থেকে এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন মীর হেলাল। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৭ হাজার ৫৪ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস-এর প্রার্থী মো. নাসির উদ্দীন পান ৪৬ হাজার ৫৮৯ ভোট।

১৯৮২ সালের ১২ আগস্ট চট্টগ্রামের হাটহাজারীর মীরেরখিলে জন্ম মীর হেলালের। তাঁর বাবা মীর মোহাম্মদ নাছির উদ্দিন একসময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ছিলেন। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলে তিনি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরে রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেন।

মীর হেলাল ২০০২ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব উলভারহ্যাম্পটন থেকে এলএলবি (অনার্স) করেন। এরপর ২০০৩ সালে কলেজ অব ল অব ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস (ইউনিভার্সিটি অব ল) থেকে বার ভোকেশনাল কোর্স সম্পন্ন করেন এবং ২০০৪ সালে অনারেবল সোসাইটি অব লিংকনস ইন থেকে ব্যারিস্টার অ্যাট ল হিসেবে স্বীকৃতি পান।

পেশাগত জীবনে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত আইনজীবী এবং ‘দ্য লয়ার্স কাউন্সিল’-এর হেড অব চেম্বার্স। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তাঁর মোট সম্পদের পরিমাণ ১১ কোটি ৬৫ লাখ ৬৩ হাজার ৯৫৭ টাকা এবং বার্ষিক আয় ৪০ লাখ ৫৬ হাজার ৭৪৩ টাকা।

দলীয় রাজনীতিতে মীর হেলাল বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ)। তিনি বিএনপি মিডিয়া সেলের প্রতিষ্ঠাতা সদস্য ও তারেক রহমান পরিচালিত ‘লিগ্যাল রিসার্চ সেল’-এর আহ্বায়ক। পাশাপাশি জিয়াউর রহমান ফাউন্ডেশন-এর পরিচালক এবং নীতি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ন্যাশনালিজম স্টাডিজ (সিএনএস)-এর কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করছেন।

পারিবারিক ঐতিহ্য, আইন পেশায় প্রতিষ্ঠা এবং দলীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকার সমন্বয়ে এবার মন্ত্রিসভায় জায়গা করে নিলেন মীর হেলাল—যেখানে একসময় তাঁর বাবাও দায়িত্ব পালন করেছিলেন। রাজনৈতিক অঙ্গনে তাই আলোচনায় এখন বাবা-ছেলের এই প্রজন্মান্তরের যাত্রা।

ভিডিও