দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শনে রেখে বিক্রয়ের বিধান থাকলেও রেয়াজুদ্দিন বাজারে অনেক ব্যবসায়ী তা মানছেন না। অধিক মূল্যে বা ইচ্ছেমত মূল্যে পণ্য বিক্রয় করে ক্রেতাদের সাথে রীতিমত প্রতারণা করছেন ব্যবসায়ীরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর রেয়াজুদ্দিন বাজারে অভিযান চালিয়ে এমন অনিয়মের তথ্য খুঁজে পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে অধিক মূল্যে পণ্য বিক্রয় ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করায় কসবা বাণিজ্যালয়কে ৪০ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় বনির লেবুর দোকানকে ৫ হাজার টাকা ও মেসার্স নুরুন্নবী ট্রেডার্সকে ৩ হাজার টাকা, আল আমিনের শসার দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ক্ষতিকর রাসায়নিক রং ও হায়ড্রোজ খাদ্যে ব্যবহার উপযোগী বলে বিক্রি করার দায়ে ফয়সাল স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে অভিযানে নেতৃত্ব দেয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্ল্যা বলেন, রমজানকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে সাধারণ ক্রেতাদের সাথে প্রতারণা করতে না পারেন, সে লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।