শনিবার, ১৩ জুন ২০২৬

রং-ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে পণ্য বিক্রি, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৪

খাদ্যপণ্যে ভেজাল, অনুমোদনহীন পণ্য বিক্রি, ক্ষতিকর উপাদান ব্যবহার এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে চট্টগ্রামে সাত প্রতিষ্ঠানকে মোট এক লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নগরের খাতুনগঞ্জ এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে ক্ষতিকর হাইড্রোজ খাদ্যে ব্যবহারযোগ্য হিসেবে বিক্রি করায় মেসার্স আমেনা ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রং মেশানো মুগডাল বিক্রির দায়ে মেসার্স হাজী স্টোরকে ৪০ হাজার টাকা দণ্ড দেওয়া হয়। কেকের গায়ে মেয়াদ উল্লেখ না থাকা ও অনুমোদনহীন বিদেশি পণ্য বিক্রির অপরাধে মধুবন ইন্টারন্যাশনালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া পোড়া তেল ও ক্ষতিকর হাইড্রোজ ব্যবহার করে খাবার প্রস্তুতের অভিযোগে রহমান হোটেলকে ৮ হাজার টাকা, মূল্যতালিকা প্রদর্শন না করায় মেসার্স আনাস ট্রেডিংকে ৫ হাজার টাকা এবং আল হাকিম বাণিজ্যালয়কে ৪ হাজার টাকা দণ্ড দেওয়া হয়। চা পাতার প্যাকেটে মূল্য উল্লেখ না থাকায় এ আর এল টি হাউসকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় ডাল ও মসলা জাতীয় পণ্যে রং ও ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে বিক্রি করছেন এবং অতিরিক্ত মূল্য নিচ্ছেন। জনস্বার্থে এসব অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও