হাটহাজারীর হালদা নদীর বেড়িবাঁধ এলাকায় হামলার শিকার হয়ে সাব্বির (২১) নামের এক যুবক হালদা নদীতে নিখোঁজ হয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে ভিকটিমের বড় ভাই মো. টিপু এ প্রতিবেদককে নিখোঁজের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ রামদাশ মুন্সির হাটের হালদা নদীর খেয়াঘাটে এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ যুবক সাব্বির রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মৈশকরমস্থ মানাউল্লাহ চৌ. বাড়ির আবদুল মান্নানের পুত্র।
এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাহিদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বেলা তিনটার দিকে এ প্রতিবেদককে জানান, এখনো পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি তবে উদ্ধার প্রক্রিয়া চলমান আছে। আর এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগও করা হয়নি।
রামদাশ মুন্সির হাট নৌ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই রমজান আলী জানান, আমরা গভীর রাতে খবর পাওয়ার পর থেকে নদীতে অভিযান চালিয়ে যাচ্ছি। তবে এখনো পর্যন্ত নিখোঁজ যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো.আবদুল মান্নান রবিবার বেলা আড়াইটার দিকে এ প্রতিবেদককে জানান, জেলা থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ৬ জনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।