ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয়ের পর ধারাবাহিক সৌজন্য সাক্ষাতে নেমেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। রোববার সন্ধ্যায় তিনি প্রথমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় যান। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তিনি সেখানে প্রবেশ করেন এবং প্রায় ৫০ মিনিট অবস্থান করেন। পরে জামায়াত আমিরের রাজনৈতিক কার্যালয়ে দুজনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপি এবারের নির্বাচনে বড় জয় পেলেও দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে তাদের একসময়ের জোটসঙ্গী জামায়াতে ইসলামী। সংশ্লিষ্ট সূত্র জানায়, সৌজন্য সাক্ষাৎ হলেও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়েও আলোচনা হয়েছে। রাত ৭টা ৫৮ মিনিটের দিকে তারেক রহমানের গাড়ি জামায়াত আমিরের বাসভবন ত্যাগ করে।
এরপর রাত ৮টা ২৫ মিনিটে তিনি রাজধানীর বেইলি রোডে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসায় যান। সেখানে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন। প্রায় এক ঘণ্টা অবস্থানের পর রাত ৯টা ১৫ মিনিটে তিনি বাসভবন ত্যাগ করেন।
সাক্ষাৎকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম উপস্থিত ছিলেন।
দেশের বিভাজিত রাজনৈতিক সংস্কৃতিতে নির্বাচনে জয়ের পর সরকার গঠন করতে যাওয়া দলের শীর্ষ নেতার প্রতিদ্বন্দ্বী ও অন্যান্য দলের নেতাদের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করার ঘটনা বিরল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এর আগে শনিবার সংবাদ সম্মেলনে তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে কোথাও ভুল বোঝাবুঝি হয়ে থাকলেও তা যেন প্রতিশোধ-প্রতিহিংসায় রূপ না নেয়। ফ্যাসিবাদমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়েই দেশ পরিচালনার বার্তা দেন তিনি।