সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব শিবচতুর্দশী ব্রত শুরু হয়েছে। এ উপলক্ষে রোববার ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের বিভিন্ন মন্দিরে শিবচতুর্দশী ও শিবরাত্রি উৎসব উদযাপিত হচ্ছে। শিব চতুর্দশীতে ভক্তরা শিবের বৈদিক বা তান্ত্রিক উপাসনার সাথে সারাদিন উপবাস পালন করেন। কেউ কেউ ধ্যানমূলক যোগ করেন । শিবরাত্রিতে ভক্তরা শিবের উদ্দেশে ফল, পাতা, মিষ্টি এবং দুধের নৈবেদ্য সমর্পণ করেন। ভক্তরা এই রাতটিকে নিজের জীবনে এবং জগতে “অন্ধকার এবং অজ্ঞতাকে জয় করা” হিসাবে চিহ্নিত করে।
শিবচতুর্দশী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে তিন দিনের মেলা শুরু হয়েছে। শনিবার সকাল থেকে শুরু হয়ে আগামীকাল সোমবার পর্যন্ত সীতাকুন্ডে মেলা চলবে। প্রতিবছর চন্দ্রনাথ ধামে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো সনাতন ধর্মাবলম্বীরা তীর্থ করতে আসেন।
সীতাকুণ্ড স্রাইন কমিটির সাধারণ সম্পাদক চন্দন দাশ বলেন, আমাদের পক্ষ থেকে ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন মঠ–মন্দিরের সংস্কার এবং চন্দ্রনাথ মন্দিরে ওঠার পথে সংস্কার করা হয়েছে। তীর্থের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে চন্দ্রনাথ ধাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মেলা কমিটির নির্বাহী সভাপতি মো. ফখরুল ইসলাম বলেন, সীতাকুণ্ড স্রাইন কমিটি মেলার ধর্মীয় আয়োজন সম্পূর্ণ করেছে। নিরাপত্তার বিষয়ে পুলিশ ও সেনাবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
শিবচতুর্দশী উপলক্ষে চট্টগ্রাম নগর ও গ্রামীণ বিভিন্ন মন্দিরে শিবরাত্রি উদযাপিত হচ্ছে। নগরের গোলপাহাড় কালী মন্দির, সদরঘাট কালী মন্দির,গোসাইলডাঙ্গা কালী মন্দির,কাঠগড় কালী মন্দির, মহাজনঘাটা ভৈরব মন্দির, দেওয়ানহাট কালী মন্দির,পটিয়ার ধলঘাট বুড়াকালী মন্দিরসহ অনেক মন্দিরে উদযাপিত হচ্ছে পবিত্র শিবরাত্রি ব্রত।