বুধবার, ১৭ জুন ২০২৬

চট্টগ্রাম থেকে নতুন মন্ত্রিসভায় আলোচনায় যারা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের পর বিএনপির মধ্যে নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি শুরু হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম থেকে কারা মন্ত্রণালয়ে স্থান পাবেন, তা নিয়ে চলছে তৎপর আলোচনা।

জানা গেছে, ২০০১ সালে চট্টগ্রাম থেকে সর্বোচ্চ ৮ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী মর্যাদার জাতীয় সংসদ’র হুইপ ও সংসদ বিষয়ক উপদেষ্টা পদে ছিলেন। বর্তমান সময়ে তাদের মধ্যে বেশিরভাগ নেই। এবার চট্টগ্রাম থেকে স্থান পেতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি চট্টগ্রাম-১১ আসন থেকে নির্বাচিত হয়েছেন এবং দলের নেতৃত্বে দীর্ঘদিনের কার্যক্রম ও অভিজ্ঞতার কারণে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পেতে পারেন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদের মন্ত্রীসভায়ও স্থান পান তিনি।

এবারের মন্ত্রীসভায় চট্টগ্রাম থেকে আলোচিত রয়েছেন আরও বেশ কয়েকজন। তারা হলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটিতে থাকা রাউজান থেকে নির্বাচিত আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, হাটহাজারী থেকে নির্বাচিত বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ আরো অনেকের নাম শোনা যাচ্ছে।

তাছাড়া বিগত সময়ে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসন থেকে যারাই জয়লাভ করে ছিলেন তাদের বেশিরভাগ সরকারের মন্ত্রিপরিষদে স্থান পেয়েছিলেন। এবার এ আসনে জয়লাভ করেন বিএনপির আলহাজ আবু সুফিয়ান। অপরদিকে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসন থেকে জয়লাভ করেন নগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদ উল্লাহ। নতুন মন্ত্রিসভায় তারাও থাকতে পারেন আলোচনায়। এছাড়া তরুণ নেতৃত্ব থেকে বিশেষ করে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত হুমাম কাদের কাদের চৌধুরী ও চট্টগ্রাম-১০ থেকে নির্বাচিত সাঈদ আল নোমানের নাম রয়েছে আলোচনায়।

নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, চট্টগ্রাম দ্বিতীয় বৃহত্তম শহর এবং বাণিজ্যিক রাজধানী। আবার এবারের নির্বাচনে জয়ের দিকেও ভালো করেছে চট্টগ্রাম। সবমিলিয়ে আশা করছি অতীতের ন্যায় এবারও রাষ্ট্র পরিচালনায় চট্টগ্রাম থেকে আশানুরূপ অংশগ্রহণ থাকবে। সেক্ষেত্রে দলের জন্য কতটুকু অবদান আছে সেটা যেমন দেখতে হবে, পাশাপাশি রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য ও মেধাবী কিনা সেটাও দেখতে হবে।

ভিডিও