শনিবার, ১৩ জুন ২০২৬

ভোটের দিনে প্রাণ গেল ৮ জনের

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে দেশের ছয় জেলায় ছয়জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম, ঢাকা, সাতক্ষীরা, খুলনা, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও গাইবান্ধায় এসব ঘটনা ঘটে। তাদের মধ্যে পাঁচজন অসুস্থ হয়ে মারা গেছেন বলে জানা গেছে। খুলনায় এক বিএনপি নেতার মৃত্যু নিয়ে ধাক্কাধাক্কির অভিযোগ উঠেছে।

চট্টগ্রাম
চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়ি বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মনু মিয়া (৬২)। ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি হঠাৎ পড়ে যান। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া
সরাইল উপজেলার নজরুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তা মুজাহিদুল ইসলাম (৪৮) অসুস্থ হয়ে পড়েন। সকাল ৯টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন জানান, মস্তিষ্কে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সাতক্ষীরা
সাতক্ষীরার তালা উপজেলায় ভোট দেওয়ার জন্য বের হয়ে রাস্তায় অসুস্থ হয়ে মারা গেছেন এক ব্যক্তি। বৃহস্পতিবার সকালে উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিহারা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম অনাথ ঘোষ (৬৫)।

খুলনা
খুলনা সদরের আলিয়া মাদ্রাসা কেন্দ্রের বাইরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনার মধ্যে নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মহিবুজ্জামান কচি (৫৫) মারা যান। বিএনপির অভিযোগ, ধাক্কা দেওয়ায় তিনি গাছের সঙ্গে লেগে আহত হয়ে মারা যান। তবে জামায়াত নেতারা বলছেন, তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে ধাক্কাধাক্কির কোনো প্রমাণ পাওয়া যায়নি।

মানিকগঞ্জ
শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ভোট দিতে গিয়ে বাবু মিয়া (৬৫) অসুস্থ হয়ে মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি ভোটার স্লিপ নিয়ে ভেতরে যাওয়ার সময় পড়ে যান। তার ছেলে জানান, স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।

গাইবান্ধা
সাঘাটা উপজেলার ওসমানেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট দিয়ে বের হওয়ার পর অসুস্থ হয়ে পড়েন কৃষক বাশেদ আলী। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, এটি স্বাভাবিক মৃত্যু।

কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় রাজ্জাক মিয়া (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

ঢাকা
যাত্রাবাড়ীর অগ্রদূত বিদ্যা নিকেতনে ভোট দিতে গিয়ে সিঁড়িতে অসুস্থ হয়ে পড়েন অবসরপ্রাপ্ত মেরিন ইঞ্জিনিয়ার আলী আবু সাঈদ সরকার (৫৩)। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবার জানায়, তিনি আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন।

ভোটের দিনকে কেন্দ্র করে সারাদেশে উৎসবমুখর পরিবেশ থাকলেও এসব ঘটনায় ছয় জেলায় শোকের ছায়া নেমে আসে। অধিকাংশ ক্ষেত্রেই অসুস্থতা বা হৃদরোগজনিত কারণে মৃত্যুর কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভিডিও