আগামীকাল অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬-এর সর্বশেষ প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) পরিদর্শনকালে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ চট্টগ্রাম জেলা ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভাপতি জেলা প্রশাসক উপস্থিত ছিলেন। পরিদর্শনে পুলিশ সুপার, স্থানীয় সরকার উপপরিচালক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট, জেলা তথ্য অফিসের পরিচালক এবং সিনিয়র জেলা নির্বাচন অফিসারসহ অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সীতাকুণ্ডে কেন্দ্র নং–১৭ টেরিয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কেন্দ্র নং–২৩ সীতাকুণ্ড ডিগ্রি কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন করা হয়। এ ছাড়া মিরসরাইয়ে ওয়াহেদপুর ইউনিয়নের সরকারহাট নজর আলী রূপজান উচ্চ বিদ্যালয় এবং পশ্চিম খইয়াছড়া খইয়াছড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে ভোটকেন্দ্রের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, ভোটকক্ষের অবস্থা ও নির্বাচনী বিধি-বিধান প্রতিপালন পর্যবেক্ষণ করা হয়। জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিরো টলারেন্স নীতি অনুসরণ, ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং ভোটগ্রহণ কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।