বুধবার। নির্বাচনের আগের দিন। সকাল গড়িয়ে গেলেও শহরের পরিচিত কোলাহল নেই। জিইসি মোড়, ২ নম্বর গেট, কাজীর দেউড়ি— চট্টগ্রামের ব্যস্ত সড়কগুলো আজ যেন অচেনা। মাঝে মাঝে দু–একটি রিকশা বা সিএনজিচালিত অটোরিকশা চোখে পড়ে। এর বাইরে সড়কজুড়ে এক ধরনের শুনশান নীরবতা।
ভোটগ্রহণের আগের দিন চট্টগ্রাম নগরীর প্রধান সড়কগুলো অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত বন্দর নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে যানবাহন চলাচল ছিল খুবই কম। জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষের উপস্থিতি চোখে পড়েনি। নগরজুড়ে সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।
জিইসি মোড়ে দেখা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। সেখানে পথচারী সাইফুল আলম বলেন, ‘জরুরি ওষুধ কেনার জন্য বাইরে বের হয়েছি। রাস্তাঘাট অনেক ফাঁকা। সকাল থেকে পুলিশ, সেনাবাহিনী আর বিজিবির গাড়ি টহল দিতে দেখছি।’

নগরীর কাজীর দেউড়ি এলাকায় এক পথচারী রেজাউল করিম বলেন, ‘নির্বাচনের কারণে মানুষজন কম বের হচ্ছে। পরিবেশটা শান্ত, তবে নিরাপত্তা খুব কড়া।’
ওয়াসা মোড়ে গিয়ে দেখা যায়, বেশিরভাগ দোকানপাট বন্ধ। লোক চলাচলও অন্যান্য দিনের তুলনায় অনেক কম। সেখানে রিকশাচালক মোহাম্মদ রফিক বলেন, ‘পেটের দায়ে বাইর হইছি। প্যাসেঞ্জার খুব কম। মানুষ ভোটের ছুটিতে গ্রামে গেছে।’
একই এলাকার আরেক রিকশাচালক আবদুল মান্নান বলেন, ‘সকাল থেইকা রাস্তায় মানুষ নাই বললেই চলে। পুলিশ অনেক জায়গায় আছে, তাই ভয়ও নাই।’

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভুইয়া বলেন, ‘নির্বাচন উপলক্ষে চারদিনের সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম গতকাল থেকেই মাঠে কাজ করছে। রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। ভোটারদের যাতায়াত ও ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি।’
নির্বাচনকে কেন্দ্র করে নগরজুড়ে শান্ত পরিবেশ বিরাজ করছে। ভোটের আগের দিন সড়ক ফাঁকা থাকায় অনেক এলাকাতেই উৎসবের আগের নিস্তব্ধতার ছাপ দেখা গেছে।