আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা এবং বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয় বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
মনোনয়ন দাখিলকারী প্রার্থীরা হলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ জহিরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা লিয়াকত আলী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রার্থী এডভোকেট কফিল উদ্দিন (সাবেক জেলা পিপি), নেজামে ইসলাম পার্টির মুসা বিন ইজহার, গণঅধিকার পরিষদের আরিফুল ইসলাম তায়েফ, ইসলামী আন্দোলনের হাফেজ মাওলানা রুহুল্লাহ, সুন্নি ঐক্যজোটের মাওলানা আব্দুল মালেক আশরাফী এবং বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী এহসানুল হক।
নির্বাচন অফিস সূত্র জানায়, বাঁশখালী আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। মনোনয়ন জমা না দেওয়া দুই প্রার্থী হলেন— বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ নেছার উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী মীর মোহাম্মদ দোস্ত।
বাঁশখালী আসনে ৯ জন প্রার্থীর মনোনয়ন দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাশ।
উল্লেখ্য, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। প্রার্থীরা আগামী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।