রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

কুতুবদিয়ায় জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭

কুতুবদিয়া উপজেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, দেশ আজ একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের শক্তিসহ গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আদর্শিক রাজনীতির কোনো বিকল্প নেই।

তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বশীলদের উদ্দেশে তিনি বলেন, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা, জনসেবামূলক কার্যক্রম জোরদার করা এবং মানুষের নৈতিক উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

বিশেষ করে তরুণ সমাজকে সঠিক দিকনির্দেশনার মাধ্যমে দেশ গঠনের কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সমাবেশে সভাপতির বক্তব্যে কুতুবদিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির শাহরিয়ার চৌধুরী বলেন, সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই জামায়াতের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি আবু তাহের চৌধুরী, উপজেলা সেক্রেটারি নুরুল আমিন এবং জামায়াত নেতা গোলাম কবির। বক্তারা দাওয়াতি কার্যক্রম জোরদার, সামাজিক সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা এবং দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ভিডিও