রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

কক্সবাজারে জামায়াতের শূরা অধিবেশনে মুহাম্মদ শাহজাহান

‘দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা মজলিসে শূরার সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় কক্সবাজার শহরের হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, শহীদ ওসমান হাদীর নির্মম হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, পুরো জাতির বিবেককে নাড়া দিয়েছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের অংশ। তিনি বলেন, জনগণ যখনই ন্যায্য অধিকার, গণতন্ত্র ও ইসলামী মূল্যবোধের পক্ষে সোচ্চার হয়েছে, তখনই রাজনৈতিক হত্যাকাণ্ড, গুম ও দমন-পীড়নের পথ বেছে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এই ধরনের হত্যাকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে গণতান্ত্রিক ও ইসলামী আন্দোলন এবং আধিপত্যবাদবিরোধী চলমান আন্দোলনকে দমিয়ে রাখার অপচেষ্টা চলছে। তবে ইতিহাস সাক্ষ্য দেয়— রক্তের স্রোত দিয়ে কোনো আদর্শকে দমন করা যায় না; বরং শহীদদের রক্ত আন্দোলনকে আরও বেগবান করে।

মুহাম্মদ শাহজাহান শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করে বলেন, অবিলম্বে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে রাষ্ট্র ও সমাজ আরও গভীর সংকটে পতিত হবে বলে তিনি সতর্ক করেন।

বর্তমান রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র পথ হলো জাতীয় ঐক্য। দলীয় সংকীর্ণতা, অহংকার ও বিভাজনের রাজনীতি পরিহার করে দেশপ্রেমিক, গণতন্ত্রকামী ও স্বাধীনতাপ্রেমী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে; অন্যথায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র মারাত্মক হুমকির মুখে পড়বে।

জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অধিবেশনে আরও বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, মাওলানা দেলাওয়ার হোছাইন, জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য আখতার আহমদ, কক্সবাজার-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক এবং কক্সবাজার-৩ আসনে মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর।

এ সময় জেলা নায়েবে আমীর মাওলানা মুফতী মুহাম্মদ হাবিবুল্লাহ, জেলা সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, অফিস সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নুরুল হোছাইন ছিদ্দিকীসহ উপজেলা আমীর ও শূরা সদস্যরা উপস্থিত ছিলেন।

ভিডিও