রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

চকরিয়ায় জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি ও জনসমাবেশ

উন্নয়ন বঞ্চিত চকরিয়া-পেকুয়াকে দখলদারিত্বমুক্ত করার অঙ্গীকার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:০৭

মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে কক্সবাজারের চকরিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আধিপত্যবাদমুক্ত, জুলাই চেতনার বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যের বিকল্প নেই—এমন আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ২টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা, চকরিয়া পৌরসভা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ও পেকুয়া উপজেলা শাখার যৌথ উদ্যোগে চকরিয়া সরকারি কলেজ ময়দানে র‌্যালিপূর্ব জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল বিজয় র‌্যালি কলেজ চত্বর থেকে শুরু হয়ে চকরিয়া বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, আধিপত্যবাদমুক্ত জুলাই চেতনার বাংলাদেশ গড়তে আজ জাতীয় ঐক্য অপরিহার্য দাবিতে পরিণত হয়েছে। তিনি বলেন, বিভক্তির রাজনীতি নয়, দেশ গড়ার রাজনীতিই সময়ের দাবি। মুক্তিযুদ্ধকে ফ্যাসিবাদী আওয়ামী লীগ তাদের দলীয় স্বার্থে ব্যবহার করেছে এবং ইতিহাস বিকৃত করেছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা হাদির ওপর হত্যাচেষ্টা বাংলাদেশের মানচিত্র ও সার্বভৌমত্বের ওপর হামলার শামিল। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আখতার আহমদের সভাপতিত্বে র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান বক্তার বক্তব্য দেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক। তিনি বলেন, উন্নয়ন বঞ্চিত চকরিয়া-পেকুয়াকে রাজনৈতিক দখলদারিত্ব মুক্ত করে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করা হবে। সরকার গঠনের সুযোগ পেলে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা এবং শিক্ষাবান্ধব চকরিয়া গড়তে একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির, পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম। এছাড়াও বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা সভাপতি আবদুর রহিম নূরীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

সমাবেশে সঞ্চালনা করেন চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম, পৌরসভা সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন ও পেকুয়া উপজেলা সেক্রেটারি ডা. নুরুল কবির।

সমাবেশে বক্তারা স্বাধীনতা ও বিজয়ের প্রকৃত চেতনা বাস্তবায়নে ইসলামভিত্তিক রাজনীতি, ন্যায়বিচার ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। বিশ্লেষকদের মতে, এই বিশাল র‌্যালি ও সমাবেশ চকরিয়া-পেকুয়া অঞ্চলের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।

ভিডিও