চট্টগ্রামের বাশঁখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত লোহাগাড়ার যুবক মোবারক হোসেন (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (১৪ ডিসেম্বর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের কর্মস্থল লোহাগাড়া বটতলী শহরের মোবাইল মার্কেট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আবদুল্লাহ বাবলু।
এর আগে শনিবার বাশঁখালী উপজেলায় বেড়াতে গিয়ে একটি সড়কে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন মোবারক হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় লাইফ সাপোর্টে রাখেন। দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকার পর রোববার ভোরে তার মৃত্যু হয়।
নিহত মোবারক হোসেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা রাবার ড্যাম এলাকার হাজারী গোদা পাড়ার বাসিন্দা এবং আবুল হোসনের পুত্র। তিনি লোহাগাড়া বটতলী শহরের একটি মোবাইল ফোনের দোকানে কর্মরত ছিলেন।