জেলা তথ্য অফিস, চট্টগ্রামের আয়োজনে তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সকালে যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে যুব উন্নয়নের বিভিন্ন কোর্সের প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিস, চট্টগ্রামের পরিচালক মো. বোরহান উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, চট্টগ্রামের উপপরিচালক মো. আবুল বাসার, আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী, সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ এস.এম. গিয়াস উদ্দিন বাবর, জেলা ক্রীড়া অফিসার আব্দুল বারী।
বক্তারা বলেন, দেশের অগ্রযাত্রায় তরুণরাই সবচেয়ে বড় শক্তি। সুশিক্ষা, নৈতিকতা, সেবাবোধ, দক্ষতা ও প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্ম বাংলাদেশকে বৈশ্বিক অগ্রগতির একটি শক্তিশালী দেশে পরিণত করতে পারে।
সভায় তরুণদের নেতৃত্ব গঠন, সচেতনতা বৃদ্ধি, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নসহ ইতিবাচক সমাজ গঠনে তরুণদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।