বুধবার, ১৭ জুন ২০২৬

বাংলাদেশি পাসপোর্টে ভিসা অনিশ্চয়তা, বিদেশ ভ্রমণ কঠিন হয়ে উঠছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৭ অক্টোবর ২০২৫, ০৩:৫২

বাংলাদেশের নাগরিকদের জন্য বিদেশ ভ্রমণ দিন দিন কঠিন হয়ে উঠছে। বহু দেশ বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসা প্রক্রিয়া কঠোর করেছে, অন-অ্যারাইভাল সুবিধা সীমিত বা বন্ধ হয়েছে, আবার অনেক ক্ষেত্রে বিমানবন্দরেই যাত্রীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ বাংলাদেশিদের ওপর অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে।

জানা গেছে, মালয়েশিয়ায় পর্যটন ভিসা নিয়ে প্রবেশকারীদের মধ্যে অনেকে অফিসিয়াল শর্ত না মানায় অফলোড হওয়ার ঘটনা ঘটছে। অনেকে পর্যটন ভিসায় বিদেশে গিয়ে কাজ করছেন বা অন্য দেশে অবৈধভাবে পাড়ি জমাচ্ছেন। এই ধরনের ঘটনা অন্যান্য দেশের কাছে বাংলাদেশি পাসপোর্টের ওপর নেতিবাচক ধারণা তৈরি করেছে। ট্যুর অপারেটররা জানাচ্ছেন, ভিসা প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা ও অনিশ্চয়তার কারণে পর্যটক সংখ্যা কমছে এবং ব্যবসায়িক ক্ষতি হচ্ছে।

সূত্র বলছে, থাইল্যান্ডে নতুন ই-ভিসা সিস্টেম চালু হলেও বাংলাদেশিদের ক্ষেত্রে অনুমোদন প্রায় ৪৫–৫০ দিন সময় নিচ্ছে। মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার মতো পর্যটনভিত্তিক দেশগুলোতেও নতুন পাসপোর্টধারীদের বিমানবন্দর থেকে প্রশ্ন করা হচ্ছে এবং অতিরিক্ত যাচাই-বাছাই করা হচ্ছে। অনিয়ম ও ভ্রমণ নথিপত্রে ঘাটতি থাকলে যাত্রীদের ফেরত পাঠানো হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের ভ্রমণ সংস্কৃতি ও নিয়ম মেনে চলার অভ্যাস উন্নত করা হলে এবং বিদেশে ভিসার শর্তগুলো ঠিকভাবে মানা হলে, বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজতর হতে পারে। তবে বর্তমানে দেশের অভ্যন্তরীণ সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অবাধ্য ভ্রমণ অভ্যাস অন্যান্য দেশের ধারণাকে প্রভাবিত করছে।

এসব বিষয়ে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি রাফিউজ্জামান রাফি গণমাধ্যমকে বলেন, পর্যটনবান্ধব প্রতিবেশী দেশগুলো ভিসা বন্ধ করে দিয়েছে। ভারত, কাতার, বাহরাইন, মিশর, দুবাই, আবুধাবি, ভিয়েতনাম বন্ধ করেছে। ভিসা দিতে অতিরিক্ত সময় নিচ্ছে তুরস্ক। ফিলিপাইন তাদের ভিসার আবেদন প্রক্রিয়া জটিল করেছে। মালয়েশিয়া-সিঙ্গাপুর ভিসা দিলেও বিমানবন্দরে অফলোড করছে। পর্যটকরা বিদেশ ভ্রমণ কমিয়ে দেওয়ায় ট্যুর অপারেটররা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সরকারের উচিত অতিসত্বর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কথা বলে বিষয়টি সুরাহা করা।

সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমদ বলেন, দেশের অভ্যন্তরীণ সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিশৃঙ্খল মনোভাবের কারণে অনেক দেশের ধারণা, বাংলাদেশিরা তাদের দেশে অপকর্ম করতে পারে। এতে সে দেশের সুনাম নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই তারা বাংলাদেশি পাসপোর্ট দেখলে সতর্ক থাকে। আমরা যদি নিজেদের পরিবর্তন করে তাদের কাছে ইতিবাচক ধারণা তৈরি করতে পারি, কেবল তখনই ভিসা প্রক্রিয়া সহজতর হবে

ভিডিও