চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসহাব (১১) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নেয়াজর টেক এলাকায় অবস্থিত তালিমুল কুরআন মাদরাসা ও মাসুমা ফাউন্ডেশন এতিমখানা ও হেফজখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসহাব উপজেলার কলাউজান ইউনিয়নের পূর্ব কলাউজান মিয়াজি পাড়া এলাকার মো. ফারুকের ছেলে। তিনি ওই মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিলেন।
স্বজনরা জানান, সকালে মাদরাসা কর্তৃপক্ষ ফোন করে জানায়, খেলাধুলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসহাব গুরুতর আহত হয়েছে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. এজাজুল হক শিহাব জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তার শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কয়েকটি চিহ্ন পাওয়া গেছে।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।