বুধবার, ১৭ জুন ২০২৬

ফানুসে ফানুসে আলোকিত চট্টগ্রামের আকাশ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৬ অক্টোবর ২০২৫, ০৯:৩৭

দৈত্যাকার হাতি আকাশে ভাসছে, বায়ুসাগরে সাঁতার কাটছে অক্টোপাস। কোথাও তিনতলা ফানুস, কোথাও আবার চৌকোনা ফানুস। ফানুসে বুদ্ধের অমর বাণী, ছবি, আবার কোথাও বৌদ্ধ যুব সংগঠনের নাম। এ রকম বৈচিত্র্যময় নকশার দেড় হাজারেরও বেশি ফানুসে রঙিন হয়ে উঠল চট্টগ্রামের নন্দনকাননের আকাশ।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় নন্দনকানন ডিসি হিল সংলগ্ন বৌদ্ধ মন্দির চত্বর পরিণত হয় উৎসবের নগরে। হাজারো তরুণ-তরুণী ঢোলের তালে নেচে-গেয়ে ফানুস উৎসবে মেতে ওঠেন। আতশবাজির ঝলকানি আর আগুনের খেলার দৃশ্যে পুরো পরিবেশ রঙিন হয়ে যায়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রবারণা পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘এ অপূর্ব দৃশ্য, চট্টগ্রামের ইতিহাসে বিরল ঘটনা। আপনাদের এই উৎসবমুখর পরিবেশ বাংলাদেশের ঐক্য ও সহাবস্থানের প্রতিচ্ছবি। আমরা সবাই মিলে যার যার ধর্ম-কৃষ্টি পালন করেও একসাথে বাংলাদেশ গড়ছি। এ উৎসব থেকে আমি জাতীয় ঐক্যের অনুপ্রেরণা নিয়ে যাচ্ছি।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের সভাপতি রিটন কুমার বড়ুয়া। উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। আর্শীবাদক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাস্থবির।

উৎসব উদ্যোক্তা ত্রিনয়ন বড়ুয়া জানান, চট্টগ্রামের সবচেয়ে বড় ফানুস উৎসব নন্দনকাননেই হয়ে থাকে। এবারও দেড় হাজারের বেশি ফানুস আকাশে ভেসেছে। শুধু নগর নয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, পাহাড়ি চাকমা-মারমা তরুণ-তরুণীও উৎসবে অংশ নিয়েছেন।

নন্দনকানন ছাড়াও নগরের বিভিন্ন বৌদ্ধ মন্দির, জেলার উপজেলা ও পার্বত্য চট্টগ্রাম, এমনকি কক্সবাজারেও একইভাবে ফানুস উৎসব পালিত হয়েছে।

ভিডিও