,

 

রোহিঙ্গা ক্যাম্পে সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : 30 August 2025, 04:58

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি কালো ওয়াকিটকি জব্দ করা হয়।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুতুপালং বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবক আনোয়ার হোসেন ইউসুফ উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব পাতাবাড়ি এলাকার সলিমুল্লাহর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ক্যাম্পের ই-৬০ ব্লকের শামসুল ইকরাম নামের এক ব্যক্তি পরিবারের অনুমতি ছাড়াই সোয়াইফ নামের এক তরুণীকে বিয়ে করেন। এতে ক্ষুব্ধ শ্বশুরপক্ষ আনোয়ারের সহায়তা চান। আনোয়ার নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে মেয়েটিকে উদ্ধারের আশ্বাস দেন।

অভিযোগ রয়েছে, আনোয়ার দীর্ঘদিন ধরে সেনা কর্মকর্তা বা সেনা গোয়েন্দা সংস্থা (এএসইউ) সদস্য পরিচয়ে রোহিঙ্গা পরিবারের কাছ থেকে সালিশ-বিচারের নামে অর্থ হাতিয়ে আসছিলেন। প্রতারণার মাধ্যমে তিনি প্রায় ১০ লাখ টাকা নগদ ও ৫ ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা মনে করছেন, এ ধরনের প্রতারণা ক্যাম্পের আইনশৃঙ্খলার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে।

এ বিষয়ে সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, সেনাবাহিনী কেবল ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে। কোনো ব্যক্তি সেনা কর্মকর্তা বা গোয়েন্দা পরিচয়ে সালিশ বা আর্থিক লেনদেন করলে তা প্রতারণা— এর সঙ্গে সেনাবাহিনীর কোনো সম্পর্ক নেই। তিনি সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, ‘আটক ব্যক্তি ভুয়া সেনা পরিচয় ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করছিল। আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছি।’

তিনি আরও জানান, তার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা (নং-৫৯) দায়ের করা হয়েছে এবং শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ভিডিও