,

 

পটিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১০

চট্টগ্রাম অফিস

প্রকাশ : 13 August 2026, 08:50

চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে গেছে। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার বাদামতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মনসা-বাদামতল এলাকা থেকে যাত্রী নিয়ে একটি মিনি বাস চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। এ সময় বাসে থাকা যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করেন।

দুর্ঘটনায় আহতদের মধ্যে পটিয়া পৌরসভার সুচক্রদণ্ডী এলাকার খোরশেদ আলম (৫০), আনোয়ারা উপজেলার মোকাররম হোসেন (১৭) ও মো. হারুনুর রশিদকে (৫৫) পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বোয়ালখালীর বেঙ্গুরা এলাকার জান্নাতুল ফেরদৌসসহ একই পরিবারের তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্য আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পটিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট ওমর ফারুক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। বাসটি খাদে পড়ে উল্টে গেলেও বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। দুর্ঘটনাগ্রস্ত বাসটি উদ্ধারে কাজ চলছে।

ভিডিও