,

 

পূজা ঘিরে পাহাড়ে জমজমাট ছাগলের হাট

অনলাইন ডেস্ক

প্রকাশ : 13 August 2026, 07:38

সনাতন ধর্মাবলম্বীদের মনসা পূজাকে ঘিরে রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী বাজারে জমে উঠেছে ছাগলের হাট। আগামী ১৮ আগস্ট মনসা পূজা সামনে রেখে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল থেকেই হাটে ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে পাহাড়ি ছাগলের চাহিদা বেশি থাকায় আশপাশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ছুটে আসছেন এই হাটে।

সরজমিনে দেখা গেছে, সকাল বাড়ার সঙ্গে সঙ্গে হাটে কেনাবেচাও জমে ওঠে। ছোট-বড় দেশি পাহাড়ি পাঁঠা ও ছাগলের পাশাপাশি হরিয়ানা ক্রস জাতের ছাগল, ভেড়া ও হাঁসও বিক্রি হচ্ছে। তবে ক্রেতাদের আগ্রহ সবচেয়ে বেশি পাহাড়ি ছাগলকে ঘিরে।

জানা গেছে, রাঙ্গুনিয়া, কাপ্তাই, রাজস্থলীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা রাইখালী বাজারে ছাগল কিনতে আসছেন। তাদের অনেকের মতে, এই হাটে তুলনামূলক সহজে ভালো মানের পাহাড়ি ছাগল পাওয়া যায় এবং অন্য বাজারের তুলনায় দামও অনেক সময় কম থাকে। তবে কোনো কোনো ক্ষেত্রে বিক্রেতারা বেশি দাম চাওয়ার অভিযোগও করেছেন ক্রেতারা।

অন্যদিকে বিক্রেতারা বলছেন, মনসা পূজা সামনে থাকায় পাহাড়ি ছাগলের চাহিদা বেড়েছে। তবে চাহিদার তুলনায় দাম কম পাওয়ায় অনেক সময় প্রত্যাশিত লাভ হচ্ছে না।

রাইখালী ছাগলের হাটের ইজারাদার শুক্কুর মোল্লা বলেন, মনসা পূজাকে কেন্দ্র করে বাজার বেশ জমজমাট। বিশেষ করে পাহাড়ি ছাগলের চাহিদা বেশি। তুলনামূলক কম দামে ছাগল পাওয়া যাওয়ায় দূর-দূরান্ত থেকেও ক্রেতারা এই বাজারে আসছেন।

ভিডিও