,

 

টার্মিনালে ভিড়তে পারছে না এলএনজি জাহাজ, চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 13 August 2026, 04:22

বৈরী আবহাওয়ার কারণে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে জাহাজ ভিড়তে না পারায় আবারও তীব্র গ্যাস সংকটে পড়েছে চট্টগ্রাম। মঙ্গলবার রাত থেকে নগরীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়ায় বাসাবাড়িতে রান্নাবান্না ব্যাহত হচ্ছে। একই সঙ্গে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারি তৈরি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।

নগরীর আসকার দিঘীর পাড় এলাকার বাসিন্দা সুস্মিতা পাল জানান, বুধবার সকাল থেকে গ্যাস না থাকায় সারাদিন রান্না করতে পারেননি। বিকেল ৩টার দিকে কয়েক মিনিটের জন্য গ্যাস এলেও পরে আবার বন্ধ হয়ে যায়। অক্সিজেন এলাকার একটি ফিলিং স্টেশনে থাকা অটোরিকশাচালক আব্দুল গফুর জানান, সকাল ৭টা থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও বিকেল পর্যন্ত গ্যাস নেওয়ার সুযোগ পাননি। তার ভাষ্য, গ্যাসের চাপ কম থাকায় একটি গাড়িতে গ্যাস ভরতে স্বাভাবিক সময়ের চেয়ে তিন-চার গুণ বেশি সময় লাগছে।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা জানান, চট্টগ্রামে স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে প্রতিদিন প্রায় ৩৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। কিন্তু বুধবার সরবরাহ কমে ১৮০ থেকে ১৯০ মিলিয়ন ঘনফুটে নেমে আসে। এতে ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৫০ শতাংশে।

কর্মকর্তারা আরও জানান, এবার মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে সংকট তৈরি হয়নি। সাগরে বৈরী আবহাওয়ার কারণে এলএনজি খালাস ব্যাহত হওয়ায় সরবরাহ কমে গেছে। নতুন করে আসা একটি এলএনজিবাহী জাহাজ প্রচণ্ড বাতাসের কারণে টার্মিনালে ভিড়তে পারছে না।

পেট্রোবাংলার পরিচালক (অপারেশনস) মো. শোয়েব জানান, এলএনজিবাহী জাহাজ নিরাপদে টার্মিনালে ভেড়ানোর জন্য বাতাসের গতিবেগ ২০ নটের নিচে থাকা প্রয়োজন। কিন্তু বর্তমানে মহেশখালী এলাকায় বাতাসের গতি প্রায় ৩৮ নট। এ অবস্থায় জাহাজ ভেড়ানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

তিনি জানান, মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে স্বাভাবিক সময়ে জাতীয় গ্রিডে ১ হাজার থেকে ১ হাজার ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। তবে বর্তমানে তা কমে প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে। আবহাওয়া স্বাভাবিক হয়ে জাহাজটি নিরাপদে টার্মিনালে ভিড়তে পারলে সরবরাহ প্রায় ৭৫০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হতে পারে। এতে চট্টগ্রামের গ্যাস সংকট দ্রুত কমে আসবে বলে আশা করা হচ্ছে।

এর আগে গত ২১ জুলাই থেকে প্রায় দুই সপ্তাহ একই ধরনের গ্যাস সংকটে ভুগেছিল চট্টগ্রাম। সে সময় মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনালে বয়লার সমস্যার কারণে সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে সরবরাহ আংশিক স্বাভাবিক হলে কিছুটা স্বস্তি ফিরেছিল নগরবাসীর মধ্যে। কিন্তু নতুন করে সরবরাহ কমে যাওয়ায় আবারও চরম ভোগান্তিতে পড়েছেন তারা।

ভিডিও