,

 

টেকনাফ সীমান্তের ওপারে রাতভর গোলাগুলি, আতঙ্কে সীমান্তবাসী

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : 11 August 2026, 07:22

কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে রাতভর থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার রাত থেকে মঙ্গলবার (১১ আগস্ট) ভোর পর্যন্ত টেকনাফের হ্নীলা সীমান্তের বিপরীতে নাপপুরা ও কড়ের দ্বীপসংলগ্ন এলাকা থেকে একাধিকবার গুলির বিকট শব্দ শোনা যায়। এতে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে দুটি গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এটি ডাকাত দলের অভ্যন্তরীণ সংঘর্ষ, অথবা আরাকান আর্মির সঙ্গে ডাকাত দলের গোলাগুলি হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তিনি জানান, গোলাগুলির সময় কড়ের দ্বীপ এলাকা থেকে কয়েকজন ব্যক্তি একটি নৌকায় করে প্রাণভয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিজিবির পক্ষ থেকে ফাঁকা গুলি ছোড়া হলে তারা বাংলাদেশের সীমানায় প্রবেশ না করে ফিরে যান।

বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের অনুপ্রবেশ ঘটতে না পারে, সে জন্য বিজিবির কঠোর নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

টেকনাফ সীমান্তের বাসিন্দা মোহাম্মদ আলম বলেন, রাত ১১টার পর থেকে ভোর পর্যন্ত ওপার থেকে থেমে থেমে গুলির শব্দ শোনা গেছে। মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাখাইনের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়। এ কারণে সীমান্ত এলাকার মানুষ সবসময় উদ্বেগের মধ্যে থাকেন।

ভিডিও