,

 

ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে জমকালো আয়োজনে গণিত উৎসবের উদ্বোধন

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 11 August 2026, 08:32

গাণিতিক প্রতিভা অন্বেষণ, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ এবং গণিতকে আনন্দময় ও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে চট্টগ্রামের ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে শুরু হয়েছে দুই দিনব্যাপী গণিত উৎসব ‘সিইএসসি ম্যাথম্যাজিকস ২০২৬’। আগামী ১৩ আগস্ট অনুষ্ঠিত হবে এই আয়োজনের সমাপনী অনুষ্ঠান।

মঙ্গলবার (১১ আগস্ট) উৎসবমুখর পরিবেশে এ আয়োজনের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়। ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল ফাহিম আদনান সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন। তার দিকনির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং সিইএসসি গণিত ক্লাবের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

শিক্ষার্থীদের বয়স ও শিক্ষাস্তর বিবেচনায় প্রতিযোগিতাগুলো শিশু, প্রাথমিক, জুনিয়র, সিনিয়র ও উচ্চমাধ্যমিক—এই পাঁচটি বিভাগে ভাগ করা হয়েছে। মোট ১০টি প্রতিযোগিতার মধ্যে উদ্বোধনী দিনেই আটটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রথম দিনের প্রতিযোগিতার মধ্যে ছিল গণিত অলিম্পিয়াড, জ্যামিতি চ্যালেঞ্জ, গণিত দৌড়, গণিতভিত্তিক রসাত্মক উপস্থাপনা, পোস্টার তৈরি, দেয়ালিকা, টিকট্যাকটো এবং রুবিকস কিউব। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উৎসাহ ও মেধার প্রতিফলনে পুরো শিক্ষাপ্রতিষ্ঠান পরিণত হয় গণিতের প্রাণবন্ত উৎসবস্থলে।

উদ্বোধনী দিনেই জমা দেওয়াভিত্তিক প্রতিযোগিতা এবং গণিত দৌড়ের পুরস্কার বিতরণ করা হয়। এসব প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা, দ্রুত চিন্তা করার ক্ষমতা এবং দলগতভাবে কাজ করার সক্ষমতা বিকাশের সুযোগ তৈরি হয়েছে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের কাছে গণিতকে শুধু একটি পাঠ্যবিষয় হিসেবে নয়, বরং আনন্দ, সৃজনশীলতা ও চ্যালেঞ্জের মাধ্যমে শেখার একটি আকর্ষণীয় বিষয় হিসেবে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে শিক্ষার্থীদের গণিতভীতি দূর করে যুক্তিবোধ ও চিন্তাশক্তির বিকাশ ঘটানোও এ উৎসবের অন্যতম লক্ষ্য। আয়োজনের সমাপনী দিনে উচ্চমাধ্যমিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ‘সমাকলন প্রতিযোগিতা’ এবং শিশু বিভাগের শিক্ষার্থীদের জন্য ‘গণিত ধাঁধা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পাশাপাশি জমা দেওয়াভিত্তিক বিভিন্ন সৃজনশীল কাজ প্রদর্শন করা হবে। এদিন গণিত অলিম্পিয়াড, জ্যামিতি চ্যালেঞ্জ এবং শিশু বিভাগের মূল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

ভিডিও