,

 

সাড়ে তিন মাস পর কাপ্তাই হ্রদে প্রাণের জোয়ার, সরগরম ফিশারি ঘাট

চট্টগ্রাম অফিস

প্রকাশ : 11 August 2026, 03:19

ভোরের আলো ফুটতেই নীল জলরাশির বুক চিরে একের পর এক নৌযান ছুটে আসছে রাঙামাটির ফিশারি ঘাটের দিকে। কোনো নৌকায় জাল গুটিয়ে তোলা হচ্ছে, কোনো নৌকায় সাজানো মাছ। ঘাটে পৌঁছানোর পর শুরু হচ্ছে মাছ খালাস, ওজন, বরফ দেওয়া ও ট্রাকে তোলার ব্যস্ততা। দীর্ঘ সাড়ে তিন মাসের নীরবতার পর আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে কাপ্তাই হ্রদ।

সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত ১২টার পর কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু করেছেন জেলেরা। মঙ্গলবার ভোর থেকে লংগদু, বরকল, সুবলং, বন্দুকভাঙাসহ বিভিন্ন এলাকা থেকে মাছভর্তি নৌযান রাঙামাটি শহরের বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মৎস্য অবতরণ ঘাটে আসতে শুরু করে। এ সময় মাছ খালাস, ওজন ও পরিবহনের কাজে ব্যস্ত হয়ে পড়েন জেলে, শ্রমিক, আড়তদার ও ব্যবসায়ীরা।

বিএফডিসির রাঙামাটি কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম বলেন, দীর্ঘদিন হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন ও বৃদ্ধির সুযোগ দেওয়া হয়েছে। এবার এর সুফল পাওয়া যাবে বলে আমরা আশাবাদী। পানির পরিমাণ বেশি থাকায় শুরুতে ছোট মাছ বেশি আসছে; পানি কমলে বড় মাছও পাওয়া যাবে।

জানা গেছে, কাপ্তাই হ্রদের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২৭ হাজার জেলে পরিবারের জীবিকা নির্ভরশীল। মাছ ধরা বন্ধ থাকায় দীর্ঘ সময় তাদের অনেকের আয়-রোজগার বন্ধ ছিল। তাই নিষেধাজ্ঞা শেষে আবার জালে মাছ ওঠায় তাদের মধ্যে ফিরেছে স্বস্তি।

জেলে বাসু দাস বলেন, বন্ধকালীন সময়ে বেকার সময় কেটেছে। এখন আবার মাছ শিকারে নামতে পেরে ভালো লাগছে। মাছ ভালো পাওয়া গেলে পরিবারের খরচ মেটানোর পাশাপাশি আয়ও ভালো হবে।

সরজমিনে দেখা গেছে, প্রথম দিনে ঘাটে চাপিলা, কাচকি, আইড়সহ বিভিন্ন প্রজাতির মাছ এসেছে। তবে বড় মাছের তুলনায় ছোট মাছের আধিক্য বেশি।

ব্যবসায়ীরা বলছেন, হ্রদে পানির পরিমাণ বেশি থাকায় এখন বড় মাছ তুলনামূলক কম ধরা পড়ছে। পানি কমলে বড় মাছের সরবরাহ বাড়বে বলে তাদের আশা। মৎস্য ব্যবসায়ী মো. পান্না মিয়া বলেন, প্রথম দিনে ভালো মাছ এসেছে। তবে বেশির ভাগ মাছের আকার ছোট এবং কার্পজাতীয় মাছ কম। দিন যত যাবে মাছের পরিমাণ বাড়বে বলে আশা করছেন তিনি।

প্রসঙ্গত, মাছের প্রাকৃতিক প্রজনন, পোনা মাছের বৃদ্ধি ও মৎস্যসম্পদ সংরক্ষণের জন্য প্রতিবছর নির্দিষ্ট সময় কাপ্তাই হ্রদের মাছ আহরণ বন্ধ রাখা হয়। চলতি বছর ২৫ এপ্রিল থেকে নিষেধাজ্ঞা কার্যকর হয়। পরে এর মেয়াদ আরও ১০ দিন বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়।

ভিডিও