,

 

বায়েজিদে ট্যাংকের পানি খেয়ে অর্ধশতাধিক হাসপাতালে, ১ জনের মৃত্যুর অভিযোগ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 17 July 2026, 06:02

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানাার চন্দ্রনগরে বাবুল সাহেবের কলোনিতে ট্যাংকের পানি খেয়ে ডায়রিয়া আক্রান্ত হয়ে এক ভাড়াটিয়ার মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে চন্দ্রনগরের ওই কলোনিতে এ ঘটনা ঘটেছে। মারা যাওয়া ব্যক্তির নাম মোঃ আব্দুল মতিন (৭৫)। তাঁর বাড়ি নোয়াখালী চরজব্বর হাতিয়া বাজার এলাকায়।

এ ব্যাপারে বায়েজিদ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম দৈনিক পূর্বতারা’কে বলেন, ডায়রিয়া আক্রান্ত হয়ে ওই কলোনিতে এক ব্যক্তি মারা গেছেন বলে শুনেছি। প্রকৃত ঘটনা জানতে আমাদের মোবাইল টিম পাঠানো হয়েছে। অনুসন্ধান সাপেক্ষে বিস্তারিত পরে জানা যাবে।

স্থানীয় বাসিন্দা রবিউল হোসেন জানান, কলোনির মালিক বাবুল সাহেবের পুরো নাম আবুল হাশেম বাবুল। তিনি জামালখান ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা এবং জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন। তার কলোনিতে হাজারের বেশি লোক ভাড়ায় থাকেন। ওখানে ওয়াসার পানির কোন সংযোগ নেই। গভীর নলকূপের পানি ব্যবহার হয় কলোনিতে। তবে নলকূপের পানি যে ট্যাংকে সংরক্ষণ করা হয় সেখানে সমস্যা হতে পারে। ওই ট্যাংক থেকে ভাড়াটিয়ারা সবাই পানি ব্যবহার করে। সন্দেহ করা হচ্ছে দীর্ঘদিন ট্যাংকটি পরিস্কার করা হয়নি। গতকাল বৃহস্পতিবার থেকে ওই কলোনির ভাড়াটিয়ারা গণহারে ডায়রিয়ায় আক্রান্ত হতে শুরু করেন। এর মধ্যে একজন ‍যিনি মারা গেছেন তিনিও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

তিনি আরও জানান, বর্তমানে ডায়রিয়া আক্রান্ত ১০/১৫ জনকে মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৮/১০ জনকে সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পূর্বতারা/ইউডি

ভিডিও