,

 

চন্দনাইশে ত্রাণ বিতরণে মঞ্চ ধসে পড়ে গেলেন অর্থমন্ত্রী,মেয়রসহ এমপি-নেতারা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 17 July 2026, 04:25

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে নির্মিত অস্থায়ী মঞ্চ ধসে পড়েছে। এতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, পটিয়ার এমপি এনামুল হক, বোয়ালখালীর এমপি এরশাদ উল্লাহসহ মঞ্চে অবস্থানরত নেতা-কর্মীরা নিচে পড়ে যান। তবে এতে কেউ গুরুতর আহত হননি।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ১১টার দিকে দোহাজারী পৌরসভার সামনে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ত্রাণ বিতরণের একপর্যায়ে হঠাৎ করেই অতিরিক্ত চাপে অস্থায়ী মঞ্চটি ধসে পড়ে। এ সময় মন্ত্রী, সংসদ সদস্য এবং মঞ্চে থাকা অন্যরা নিচে পড়ে গেলেও কিছুক্ষণ পর ভাঙা মঞ্চেই দাঁড়িয়ে কয়েকজনের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন অর্থমন্ত্রী। পরে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এরপর ত্রাণ সংগ্রহকে কেন্দ্র করে উপস্থিত মানুষের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে অন্তত ১০ থেকে ১২ জন আহত হন। আহতদের মধ্যে বার্মা কলোনি এলাকার রাশেদা আক্তার, খাগরিয়া এলাকার আয়ুব আলী, গুচ্ছগ্রামের ঊর্মি আক্তার এবং উল্লাপাড়া এলাকার আয়েশা আক্তার রয়েছেন। তাদের দোহাজারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, ‘মঞ্চের ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি লোক উঠে পড়ায় আমি মাইকিং করে সবাইকে নেমে যেতে অনুরোধ করি। কিন্তু মন্ত্রী-এমপিদের সঙ্গে আরও নেতা-কর্মী মঞ্চে উঠলে অতিরিক্ত ভারে সেটি ভেঙে পড়ে।’

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বলেন, ‘ত্রাণ বিতরণের সময় মঞ্চ ধসে মন্ত্রীসহ সবাই নিচে পড়ে যান। তবে এতে গুরুতর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মন্ত্রী চলে যাওয়ার পর ত্রাণ নিতে গিয়ে হুড়োহুড়িতে কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আমার কাছে তথ্য নেই।’

পূর্বতারা/ইউডি

ভিডিও