,

 

বন্যার প্রভাবে চট্টগ্রামে সবজির বাজারে আগুন

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 17 July 2026, 02:55

টানা বৃষ্টি ও সাম্প্রতিক বন্যার প্রভাবে চট্টগ্রামে সবজির বাজারে ঊর্ধ্বমুখী দাম ক্রেতাদের ভোগান্তি বাড়িয়েছে। বন্যায় বিস্তীর্ণ ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে সবজির সরবরাহ কমে গেছে। এর ফলে মাত্র এক সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।

শুক্রবার (১৭ জুলাই) নগরীর কাজীর দেউড়ি, কর্নেলহাট ও বহদ্দারহাট কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। বর্তমানে কাঁকরোল বিক্রি হচ্ছে ৮০ টাকা, পটল ৭০ টাকা, বেগুন ১২০ টাকা, বরবটি ১৪০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, ঝিঙা ১০০ টাকা এবং চিচিঙ্গা ৮০ টাকা কেজি দরে। অন্যান্য সবজির দামও কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।

কাজীর দেউড়ি বাজারের সবজি বিক্রেতা মো. জসিম উদ্দিন বলেন, “বন্যার কারণে গ্রামের অনেক ক্ষেত পানির নিচে চলে গেছে। আগের মতো সবজি আসছে না। পাইকারি বাজার থেকেই বেশি দামে কিনতে হচ্ছে, তাই খুচরা বাজারেও দাম বেড়েছে।”

কর্নেলহাট বাজারের ব্যবসায়ী মো. আবদুল মালেক বলেন, “সরবরাহ কম থাকায় চাহিদা অনুযায়ী সবজি পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে আগামী সপ্তাহে দাম আরও বাড়তে পারে।”

নগরের চকবাজার এলাকার বাসিন্দা রুবিনা আক্তার বলেন, “এক সপ্তাহ আগেও যে সবজি ৬০-৭০ টাকায় কিনেছি, এখন সেটিই ৯০ থেকে ১২০ টাকা। সংসারের খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে।”

বহদ্দারহাট এলাকার ক্রেতা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “বন্যা হয়েছে, তাই কিছুটা দাম বাড়বে সেটা স্বাভাবিক। কিন্তু প্রায় সব ধরনের সবজির দাম একসঙ্গে এতটা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।”

ব্যবসায়ীরা জানান, চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে নিয়মিত যে পরিমাণ সবজি বাজারে আসে, সাম্প্রতিক বন্যায় সেই এলাকার অনেক ফসলি জমি তলিয়ে যাওয়ায় উৎপাদন ও সরবরাহ কমে গেছে। সরবরাহ সংকটের কারণেই বাজারে সবজির দাম বেড়েছে।

কৃষি সংশ্লিষ্ট সূত্র জানায়, টানা ১০ দিনের ভারী বৃষ্টি ও বন্যায় চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলায় প্রায় ৪৫ হাজার হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব ইতোমধ্যে সবজির বাজারে পড়তে শুরু করেছে। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাজারে মূল্যবৃদ্ধির চাপ অব্যাহত থাকতে পারে।

ভিডিও