,

 

বন্যাকবলিত এলাকার গবাদিপশুকে বিনামূল্যে টিকা দেওয়া হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

অনলাইন ডেস্ক

প্রকাশ : 17 July 2026, 12:43

পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন বলেছেন, বন্যাকবলিত এলাকার গবাদিপশুকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা পেতে কৃষি বিভাগের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৭ জুলাই) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের রেস্টহাউসে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে। একসঙ্গে সবাইকে পুনর্বাসন করা সম্ভব না হলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। পরে পর্যায়ক্রমে অন্য ক্ষতিগ্রস্তদেরও এ কর্মসূচির আওতায় আনা হবে।

তিনি জানান, পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি ও সুদ এক মাসের জন্য স্থগিত বা মওকুফের ব্যবস্থা করা হয়েছে। এ সুবিধার মেয়াদ আরও দুই-এক মাস বাড়ানো যায় কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

মীর হেলাল বলেন, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতির খোঁজখবর রাখছেন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলা ও মানুষের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। সরকারের বিভিন্ন দপ্তর, জনপ্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীরা সমন্বিতভাবে দুর্গত মানুষের পাশে কাজ করছেন।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে জেলা প্রশাসকের মাধ্যমে ইতোমধ্যে ২০ লাখ টাকা এবং পর্যাপ্ত ত্রাণসামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে আরও বরাদ্দ দেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, সরকার বৈষম্যহীন, সম্প্রীতি ও সমঅধিকারভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই, সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাবধী মারমা, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওয়াহাবুল ইসলাম খন্দকার, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) হাসান চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিডিও