,

 

কুতুবদিয়ায় ট্রলারডুবির ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : 13 July 2026, 10:10

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ার কবলে পড়ে কক্সবাজারের কুতুবদিয়ার একটি মাছ ধরার ট্রলার ডুবে পাঁচ জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রলারে থাকা অপর সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে অমজাখালী ঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ।

নিহতরা হলেন— কুতুবদিয়া উপজেলার দক্ষিণ অমজাখালী এলাকার শামসুল আলমের ছেলে নাছির উদ্দীন (২০), পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাগপাড়া এলাকার নাছির উদ্দীন (২১), একই এলাকার আবুল কাশেমের ছেলে মো. করিম (২১), আব্দুল মাবুদের ছেলে আইয়ুব মনির (২০) এবং কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল হায়দারপাড়া এলাকার কামাল (৪৮)।

স্থানীয়দের বরাতে কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান জানান, রোববার সন্ধ্যায় স্থানীয় নুরুল আবছারের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার ১২ জন মাঝি-মাল্লাকে নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। সোমবার ভোরে বৈরী আবহাওয়ার মধ্যে ট্রলারটি ডুবে যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রলারে থাকা সাত জেলে বিভিন্নভাবে জীবিত উদ্ধার হতে সক্ষম হলেও পাঁচ জেলে নিখোঁজ ছিলেন। পরে সোমবার সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলার থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ভিডিও