ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে আরও চার জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এ নিয়ে মামলায় মোট ৩১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হলো।
সোমবার (১৩ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমানের আদালতে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন জানান, দুদকের পক্ষ থেকে চার জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করা হয়। তাদের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে আদালত মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৬ জুলাই দিন ধার্য করেছেন।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, জাবেদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান আরামিট গ্রুপের প্রটোকল অফিসার মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব প্রতিষ্ঠান ভিশন ট্রেডিং-এর মালিক দেখিয়ে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন নেওয়া হয়। পরে ওই অর্থ জাবেদ তার কর্মচারীদের মাধ্যমে উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেন এবং বিদেশে সম্পদ ক্রয়ে ব্যবহার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এ ঘটনা ঘটে বলে তদন্তে উঠে এসেছে।
মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুখমীলা জামান, সাবেক পরিচালক, ব্যাংকের সাবেক কর্মকর্তা এবং আরামিট গ্রুপের কর্মকর্তাসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে।
এর আগে গেল ৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দুদক সূত্র জানায়, ২০২৫ সালের ২৪ জুলাই দায়ের হওয়া এ মামলায় শুরুতে ৩১ জনকে আসামি করা হলেও তদন্তে আরও সাতজনের সম্পৃক্ততা পাওয়ায় অভিযোগপত্রে মোট ৩৬ জনকে আসামি করা হয়। তবে দুই আসামির মৃত্যু হওয়ায় তাদের বিচারিক কার্যক্রম থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। অভিযোগপত্রে মোট ৯২ জনকে সাক্ষী করা হয়েছে।